নিজস্ব প্রতিবেদক: বারনই ও ফকিন্নী নদীর উজানে বাগমারা উপজেলা অংশে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাঁধ নির্মাণ করায় পুঠিয়া উপজেলার জগদীশপুর অংশের নদীতে পানি শুকিয়ে যাওয়ায় এলএলপিগুলো বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকের রোপিত ধান ক্ষতিগ্রস্থ হওয়ায তা সরেজমিনে পরিদর্শন করেন বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান। বুধবার দুপুরে এসব এলাকা পরিদর্শনে যান তিনি। সরজমিনে পরিদর্শনকালে দেখা যায়, বারনই ও ফকিন্নী নদীর উজানে (বাগমারা উপজেলা অংশে) বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড নদী পুনঃখনন কাজ করছে। ফলে বারনই নদীর ভাটির দিকে পুঠিয়া উপজেলা অংশে প্রায় ১৫ কিলোমিটার দৈর্ঘ্য নদীর পানি শুকিয়ে যায়।
ফলে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের জগদীশপুর নামক স্থানে বারনই নদীর উপর বিএমডিএ কর্তৃক নির্মিত রাবার ড্যামের আপ স্ট্রীমে সেচের জন্য বিএমডিএ’র ২৪ টি বিদ্যুৎ চালিত এলএলপি ও ব্যক্তি মালিকানাধীন প্রায় ১৫০ টি ডিজেল চালিত এলএলপি আছে। নদীর পানি কমে যাওয়ায় প্রায় অধিকাংশ এলএলপি বন্ধ হয়ে গেছে। ফলে এসব সেচযন্ত্রের আওতায় আবাদকৃত প্রায় দুই হাজার হেক্টর জমির রোপিত ধান নষ্ট হওয়ার পথে। এ নিয়ে স্থায়ী কৃষকরা বিএমডিএ’র চেয়ারম্যান এর সাথে মত বিনিময়কালে এসব তথ্য জানান। এছাড়া কৃষকরা বিএমডিএ’র চেয়ারম্যান এর সাথে মত বিনিময়কালে কৃষকের বোরো ফসল রক্ষার্থে বারনই নদীতে সেচের জন্য পানি সরবরাহ সচল রাখার জন্য জোর দাবী জানান। বিএমডিএ’র চেয়ারম্যন পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন এবং তারা আগামী ১৭ তারিখের মধ্যে সমস্যার সমাধান করবেন বলে চেয়ারম্যানকে অবহিত করেন।
বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে অবশ্যই কৃষকদের তাদের সেচের সুব্যবস্থা করতে হবে। এদিকে সরকারের উন্নয়নের কাজও যেন কোন সমস্যা না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। এজন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে কৃষকের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য ব্যবস্থা করবেন। সঠিক সময় কৃষকরা যেন পানি পায় সেজন্য তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের আলোচনা করেন। এ সময়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীর ড্রেজিং এর কাজ খানিকটা বিঘ্ন হলেও তারা কৃষকের পানির সুব্যবস্থা করবেন এ বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ’র তত্বাবধায়ক প্রকৌশলী (সেচ) জাহাঙ্গীর আলম খান, নির্বাহী প্রকৌশলী সমশের আলী, সহকারী প্রকৌশলী আল মামুনুর রশীদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অসংখ্য কৃষক।