নিজস্ব প্রতিবেদক: বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সকল জেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এক জন করে বিএডিসি’র বীজ ডিলারকে সার ডিলার হিসেবে উন্নতিকরণ এবং কেন্দ্রীয় নীতিমালা ও সুপারিশ প্রণয়ন কমিটিতে বিএডিসি ডিলার প্রতিনিধি সংযুক্তকরণের দাবীতে শুক্রবার রাতে রাজশাহী সার্কিট হাউজে এই স্বারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বাস্তবায়নাধীন ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫” চূড়ান্ত করার পূর্বে প্রতিটি ওয়ার্ডে বিএডিসি নিবন্ধিত বীজ ডিলারদের মধ্যে থেকে একজন করে সার ডিলার হিসেবে নিয়োগ করতে হবে, যাতে সার বিতরণ কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও কৃষকবান্ধব হয়। তা না হলে একই ডিলার কর্তৃক তিনটি বিক্রয়কেন্দ্র পরিচালিত হলে সংশ্লিষ্ট ডিলার হিমশিম খাবেন বিধায় প্রান্তিক কৃষকগণের সময়মতো সার সংগ্রহ করতে কঠিন হয়ে পড়বে। কাজেই প্রতিটি ওয়ার্ডে মাঠপর্যায়ে কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ও কৃষকদের সহিত সুসম্পর্ক থাকা বিএডিসি’র বীজ ডিলারদেরকে নিয়োগ প্রদানের বিষয়টি অন্তর্ভুক্তির সুপারিশ করেন তারা।
তারা আরো সুপারিশ করেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএডিসি’র বীজ ডিলারদেরকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হলে প্রান্তিক কৃষকগণ সরকার নির্ধারিত মূল্যে মানসম্মত বীজ ও সার একসঙ্গে একই স্থান থেকে ক্রয় করতে পারবেন। যার ফলে কৃষকের সময় ও উৎপাদন খরচ উভয়ই হ্রাস হাবে এবং সার বীজ সরবরাহ ব্যবস্থা কার্যকর ও স্বচ্ছ হবে। সেইসাথে কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এছাড়াও সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়নের জন্য যে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেখানে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)’র প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকলেও বিএডিসি ডিলার এসোসিয়েশনের কোন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয় নাই। এই কার্যক্রম বাস্তবায়নে বিএফএ’র ন্যায় বিএডিসি ডিলার এসোসিয়েশনের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেন তারা। বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের প্রতিনিধিকে নীতিমালা প্রণয়ন কমিটিতে অন্তর্ভূক্ত করা হলে মাঠপর্যায়ে অভিজ্ঞতা ও বাস্তবতা নীতিমালায় প্রতিফলিত হবে বলে উল্লেখ করেন তারা। সেইসাথে কৃষি ও কৃষকের সার্থে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সচিবের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময়ে উপস্থিত ছিলেন, বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি মাহাফুজুল হাসনাইন, নওগাঁ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ, বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, নাটোর জেলা শাখার সাধারণ সোহরাব হোসেন, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক হুদা রেজাউন নবী, চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শফিকুৃল আলম, নাটোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামানসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।