নিজস্ব প্রতিবেদক: ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর বন্ধুত্বের এবং দুই দেশের সংস্কৃতির মধ্যে একটি চমৎকার যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি উল্লেখ করেন, দুই দেশ হাতে হাত রেখে এই বন্ধুত্বের সম্পর্ককে আগামীতে আরও এগিয়ে নিয়ে যাবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬-এর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
যোগব্যায়াম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সহকারী হাইকমিশনার মনোজ কুমার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। দুই দেশের সংস্কৃতির সাথে একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। বক্তব্যের শুরুতে তিনি যোগব্যায়ামের ইতিহাস এবং বর্তমান বিশ্বে এর ব্যাপক প্রসারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সাথে আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হাসেন আলী, সিনিয়রসহ-সভাপতি সামসুর রহমান, সহ-সভাপতি আলহাজ¦ জিয়াউদ্দিন আহমেদ, পদ্মা লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের প্রফেসর আরিফ হায়দার, ইয়োগী ফাউন্ডেশনের পরিচালক ও প্রশিক্ষক আফসানা বেগম, রাজশাহী কোয়ান্টাম ফাইন্ডেশনের কো-অর্গানাইজার মাহমুদুল হাসান তুষারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। উৎসবমুখর এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।

উপস্থিত জনপ্রতিনিধিগণ যোগব্যায়াম এর নানা ভালদিক তুলে ধরে বলেন, শহর ও মফস্বল এলাকায় যোগব্যায়াম প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে করে ওষুধ ছাড়াই অনেক রোগ ভাল এবং নিয়ন্ত্রণে থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। সেইসাথে ভারতীয় হাইকমিশনার কর্তৃক এই ধরনের আয়োজনকে স্বাগত ও ধন্যবাদ জানান তাঁরা।