নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতা গরিব, দু:স্থ্য ও অসুস্থদের মধ্যে বিভিন্ন পরিমানের আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রদানকৃত আর্থিক অনুদানের অর্থ তিনি এই সকল মানুষের মধ্যে প্রদান করেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে লাইব্রেরীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ প্রদান করেন তিনি। এছাড়াও তিনি গোদাগাড়ী ও তানোরেও এই ধরনের অর্থের চেক প্রদান করেছেন। তিনি ২১জনের মধ্যে মোট আট লক্ষ টাকার চেক প্রদান করেন।
এসময়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। তাঁর দৃঢ় নেতৃত্বে দেশে শান্তি বিরাজ করছে। করোনা কালীন সময়ে মানুষ বেকার হয়ে পড়লেও কেউ না খেয়ে থাকেনি। সরকার বেকার এবং সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, সুরক্ষা সামগ্রী, নগদ অর্থ এবং অন্যান্য সহযোগিতা প্রদান করেছেন। এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তিসহ অন্যান্য আর্থিক অনুদান প্রদান করেছেন। যা এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সংসদ সদস্য আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়। পদ্মা সেতু ও পারমানবিক কেন্দ্র শেষে দিকে। পায়রা সেতুর উদ্বোধন হয়ে গেছে। দেশকে একই সুতায় বাঁধতে আরো বেশ কিছু সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এছাড়াও প্রধান প্রধান সড়কগুলো চার লেন থেকে ছয় লেনে রুপান্তরিত করা হচ্ছে।

তিনি বলেন, দেশের কোন মানুষ যেন অর্থ কষ্টে না থাকে সেজন্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিভাতা শতভাগ করার কাজ প্রায় শেষের দিকে। এছাড়াও মায়ের এবং ছেলের পুষ্টির জন্য মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন এই সরকার। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে বার বার প্রয়োজন উল্লেখ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে থাকার আহবান জানান তিনি।
এসময়ে রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা ও যুব মহিলা লীগ নেত্রীসহ অনুদান প্রাপ্তরা উপস্থিত ছিলেন।