নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চাকুরী মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে রাজশাহী মহানগরীর গ্রেটার রোডে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় মোট দশটি চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।
দিনের আলো হিজড়া সংঘের সহ-সভাপতি আবু হাসনা পলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপস সংস্থার নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, পার্টনার সংস্থার পরিচালক আলিমা খাতুন লিমা, উদয়ন কুটির শিল্প প্রতিষ্ঠানের সভাপতি হাসিনা খাতুন জাবেদা, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর সাবেক পরিচালক জিয়াউদ্দিন আহমেদ জিয়া। এছাড়াও মেলায় বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনীতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকার প্রয়োজন। এই টাকা উপার্জন করতে হলে হয় ব্যবসা না হয় চাকুরী করতে হবে। আর চাকুরী করতে হলে দক্ষ হতে হবে। এজন্য কারিগরী শিক্ষা গ্রহন করতে হবে। সেইসাথে চাকুরীদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি। তিনি যুবকদের চাকুরী না খুঁজে উদ্যেক্তা হওয়ার আহ্বান জানান। উদ্বোধন শেষে প্রধান অতিথিদের নিয়ে তিনি প্রতিটি স্টল পরিদর্শন করনে।
মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো-আপস, উত্তরণ সেভিং এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, আল-নিসা হোম ক্যান্টিন, উত্তরণ কারুপল্লী, মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, ওয়ালটন, উদয়ন কুটির শিল্প প্রতিষ্ঠান, রূপরেখা বিউটি পার্লার, হিউম্যান ইকোনোমিক ডেভেলপমেন্ট সোর্স ও সোনালী দিন মানব কল্যাণ সংস্থা।