নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর হাদীর মোড় সংলগ্ন নদীর ধারে বোরবার সকাল পৌনে ৯টার দিকে জাহানারা জামান মহিলা ঈদগাহ মাঠের উদ্বোধন করা হয়। সেইসাথে সেখানে মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পর্দার আড়াল থেকে জামাতে ঈদের নামাজে ইমামতি করেন রানীনগর খাদেমুল ইসলাম জামে মসজিদ এর হাফেজ রাকিবুল হাসান।
ঈদগাহ মাঠের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা ও এলাকার বিশিষ্টজন আজিজুল হক বাঙালি। ঈদ মাঠের সার্বিক তত্বাবধানে ছিলেন জনি, মানিক, পারভেজ,সাজাহান ও আলমগীরসহ আরো অনেকে। নামাজ আদায় শেষে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার সহ জাতীয় ৪ নেতা,স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও মৃত মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।

উদ্বোধনী বক্তব্যে বাঙ্গালী বলেন, এই এলাকায় দীর্ঘদিন থেকে মহিলাদের একটি ঈদগাহ মাঠ তৈরী করার জন্য চেষ্টা করে আসছিলেন। এরই প্রতিফলন হলো ২০২২ সালে ঈদুল আযহার জামাতের মধ্যে দিয়ে। এই মাঠ তৈরীতে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে সময়মত এই মাঠ পরিচালনা করার জন্য সবার সম্মতিতে একটি কমিটি গঠন করা হবে জানান বাঙ্গালী ।