নিজস্ব প্রতিবেদক: ‘কৃষক কেন আত্মহত্যার পথ বেছে নেয়, সরকার জবাব চাই’ এই স্লোগান নিয়ে বুধবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরেন্দ্র অঞ্চলে কৃষিসেচে অব্যবস্থাপনা, হয়রানী, দুর্নীতি, দলীয়করণ বন্ধ কর, কৃষক সমবায়ের মাধ্যমে সেচের পানি বিতরণ কর, বিএমডিসি এর মাধ্যমে নির্ধারিত দামে সেচের পানি, সার ও বীজ কীটনাশক প্রদানের দাবীতে নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব আহসান মুন্না, সিপিবি চাপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব হোসেন, নওগাঁ জেলা কৃষক সমতির নেত্রী রেবেকা সরেন সহ বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি ও বাংলাদেশ কৃষক সমিতির জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারন কৃষকগণ।
সমাবেশ থেকে আট দফা দাবী পেশ করা হয়। দাবী গুলো হচ্ছে, ভূমিহীন কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড প্রদান। ফসলের লাভজনক দাম ও ইউনিয়ন পর্য়ায়ে সরকারী ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকদের নিকট হতে ধান ক্রয়, সরকারী নির্ধারিত দামে কৃষকদের পর্যাপ্ত সার প্রদান। কৃষি উপকরণের বাজার সিন্ডিকেট ভাঙ্গতে হবে, বিএডিসি সাক্রয়করণ ও কৃষক সমবায় বাজার ব্যবস্থা চালু করা। নিত্য প্রয়োজণীয় জিনিসের দাম কমিয়ে জান বাঁচাতে হবে ও পল্লি রেশন ও শস্য বীমা চালু করা। অপরিকল্পিত নদী খনন, অবৈধভাবে বালু উত্তোলন ও নদী-খাল বিল দখল বন্ধ করার দাবীসহ অন্যান্য দাবী সমুহ তুলে ধরেন নেতৃবৃন্দ। সেইসাথে গোদাগাড়ীর কৃষক হত্যা প্ররোচনায় গভীর নলকুপ ডাইভার সাখাওয়াতের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহত পরিবারের ক্ষতি পুরণ দাবী করেন তারা।