নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিলের পার্টনারদের সাথে মতবিনিময় সভা বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে অত্র ব্যাংকের গৃহায়ন তহবিলের পার্টনার হিসেবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা জেলায় কর্মরত ৩২টি বেসরকারী উন্নয়ন সংস্থার সমন্বয়ে রাজশাহীর বনলতা আবাসিকে অবস্থিত শাপলা সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ঢাকা এর উপদেষ্টা, গৃহায়ন তহবিল ও নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক ঢাকার ফান্ড ম্যানেজার, গৃহায়ন তহবিল ও মহাব্যবস্থাপক খোন্দকার আব্দুল কাইয়ুম। এছাড়াও সভায় ৩২টি এনজিও এর নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গৃহায়ন তহবিলের মাধ্যমে বাস্তবায়িত কর্মকান্ডের সকল ইতিবাচক দিক এবং এর মাধ্যমে গরীব জনগণের স্থায়ী আবাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। সেইসাথে এর ফান্ড প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিগণ এ বিষয়ে সমাধানের জন্য সিদ্ধান্ত দেন। স্থানীয়ভাবে আয়োজক সংস্থা হিসেবে স্বাগত বক্তব্য রাখেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংক এর উপপরিচালক নজরুল ইসলাম।