নিজস্ব প্রতিবেদক: ‘রোগী সেবার অগ্রভাগে রেডিওগ্রাফি সবার আগে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব রেডিওগ্রাফি দিবস। মঙ্গলবার সকালে, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সামনে থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজি রাজশাহীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি লক্ষ্মীপুর মোড় হয়ে আইএইচটি ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজি রাজশাহী জোনের সভাপতি হুমায়ুন কবির, রামেক হাসপাতালের রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা.তহরুল ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. আনিসুর রহমানসহ সিনিয়র টেকনোলজিস্ট ও আইএইচটির শিক্ষার্থীরা। র্যালী শেষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকবৃন্দ চিকিৎসাসেবায় রেডিওগ্রাফির গুরুত্ব তুলে ধরেন।