নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান অন্যান্য বছরের ন্যায় এবারও বার্ষিক সেবা অনুষ্ঠান করে। বৃহস্পতিবার নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি চাইনিজ রেষ্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব সেবা অভিযান সংস্থার সভাপতি আরিফ আহম্মদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি (আমেরিকা) ক্লিনিক্যাল সহকারী অধ্যাপক মেডিসিন, টিসিএমসি, পেনসিলভেনিয়া, আমেরিকা ডাক্তার মোহাম্মদ আসিফ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সেবা অভিযান সংস্থার সাবেক সভাপতি ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. প্রফেসর সফিকুন্নবী সামাদী, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফরিদা সলতানা, মানব সেবা অভিযান সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নাচোল সরকারী কলেজের প্রফেসর স.ম আব্দুস সামাদ আজাদ, সমাজসেবা কার্যালয়ের অবসর প্রাপ্ত উপপরিচালক মোজাম্মেল হক ও শহর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মমিন।
অনুষ্ঠানে মানব সেবা অভিযানের সৃষ্টি ও বর্তমান কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব সেবা অভিযানের প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল। উপস্থিত ছিলেন সংস্থার অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আসাদুজ্জামান ও অভ্যন্তরীন নীরীক্ষা ও পরিদর্শন বিভাগের পরিচালক মেহনাজ মুস্তারিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মী ও সুুবিধাভোগিগণ।
প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ আসিফ ইকবাল এমডি (আমেরিকা) বলেন, সমাজে যারা প্রতিষ্ঠিত, বিত্তশালী ও ক্ষমতাবান তাদের উচিৎ দুস্থ মানুষের সেবায় কিছু কাজ করা। আমাদের দেশে এখনো বিপুল সংখ্যক মানুষ অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। ফলে তারা শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত। সমাজের এমন অসহায় মানুষদের জন্য স্বচ্ছল মানুষরা এগিয়ে এলে সমাজও উপকৃত হবে।

বক্তব্য শেষে ১৩৬ জনকে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে দুস্থ ৩ জন নারীকে সেলাই মেশিন, ১২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, দুস্থ ৯টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ, ৮ জন কৃতি শিক্ষার্থীকে মাসিক বৃত্তি, ৫ জন মেডিকেল শিক্ষার্থীকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি, ৮ জনকে এককালিন বৃত্তি, ৩০ জনকে শিক্ষা সহায়তা, বিবাহ ফান্ড হতে ৩ জনকে আর্থিক সহায়তা এবং ৫৮ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। সব মিলিয়ে এই অনুষ্ঠানে ৫ লক্ষ ৭০ হাজার ২৫০ টাকার অনুদান দেওয়া হয়। এদিকে এ অর্থ বছরে বিভিন্ন সেবামূলক কর্মসূচিতে সংস্থাটি ১৮ লক্ষ ১৯ হাজার ৬৭০ টাকা প্রদান করেছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেন।