নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস বাঙালির গৌরবময় বিজয়ের ৫২ বছরে পদার্পন করেছে। এ দিনটিকে যথাযথভাবে পালনের লক্ষে শুক্রবার সকালে রাজশাহীর কাগানপাড়ায় অবস্থিত মুক্তিদাতা হাই স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার উইলিয়াম মূর্মূ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবিতা মারাণ্ডি। এছাড়া অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে দেশের আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময়ে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে আপমর সকল শ্রেণি পেশার মানুষ যুদ্ধে নেমে পরেছিলেন। অনেক বীর মুক্তিযোদ্ধা সে সময়ে প্রাণ হারান। তাঁদের সাথে আত্মাহুতি দেন দেশের প্রায় ৩০ লক্ষ সাধারণ মানুষ। সম্ভ্রম হারান প্রায় তিন লক্ষ মা-বোন। তাঁদের এই আত্মত্যাগের ফলস্বুরপ আজকের এই বাংলাদেশ ও লাল সবুজের পতাকা বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।