নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে সোমবার হতে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বেলা ১১টা থেকে নগরীর বিভিন্নস্থানে খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হয়। টিসিবির রাজশাহী অফিস প্রধান আতিকুল ইসলাম জানান, প্রতি কেজি মসুরের ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে সবগুলো পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকে ৬০০০ হাজার গ্রাহক পণ্য কিনতে পারবেন।
এদিকে, টিসিবির পণ্য কিনতে ভীড় জমাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজারের তুলনায় দাম কম হওয়ায় টিসিবির পণ্য কিনছেন তারা। তবে লাইনে দাঁড়ানো নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দীর্ঘ সময় লাইনের অপেক্ষায় থাকতে গিয়ে বয়স্কদের অনেকেই অসুস্থ হয়েও পড়ছেন।
টিসিবি নিতে আসা পঞ্চাশোর্ধ আলিয়া বেগম বলেন, সকাল থেকে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন । প্রচন্ড গরমে তিনি অতি অতিষ্ঠ হয়ে গেছেন। এ ধরনের অভিযোগ আরো অনেকেই করেন। সময় মত টিসিবি পণ্য দেওয়ার জন্য গ্রাহকরা অনুরোধ করেন।