নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সম্মেলনের পর কমিটি বিলুপ্ত করা হয়। সন্ধ্যায় একটি কনভেনশন সেন্টারে কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা হয়নি। রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইয়েড পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই কমিটি ঢাকা থেকে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও রাজশাহী বিভাগ বিএনপির সমন্বয়কারী আবদুস সালাম জানিয়েছেন, সম্মেলনের প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর নির্দেশে রাজশাহী মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়েছে। সম্মেলনের নির্বাচন কমিশনার বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
এদিকে রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করার জন্য যে সমস্ত উপ-কমিটি অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সকলকে রাজশাহী মহানগর বিএনপি ধন্যবাদ জ্ঞাপন করেছে। পাশাপাশি যে সকল বিএনপি থানা কমিটি, বিএনপি ওয়ার্ড কমিটি এবং বিএনপি মহল্লা কমিটি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম আহবায়ক বজলুল হক মন্টুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
২০২১ সালের ১০ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি দীর্ঘ সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেছে। তবে এবারের কমিটিতে তরুণ নেতৃত্ব আসবেন এমনটা আশা করছেন নেতাকর্মীরা।