নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সভা কক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় রোগী কল্যাণ সমিতির ১৫তম বার্ষিক সাধারণ অনুষ্ঠিত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সবায় সভাপতিত্ব করেন রামেক হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক( যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান, রামেক হাসপাতালের সার্জারী বিভাগের সাবেক অধ্যাপক ও রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাক্তার বি.কে দাম, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফনিয়া। এছাড়াও সভায় আজীবন ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা, শুভেচ্ছা বক্তব্য ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অফিসার ড. হামিদুল ইসলাম।
এসময়ে উপস্থিত সদস্যরা এই সমিতি পরিচালনায় বিভিন্ন ধরনের পরামর্শ দেন। তারা বলেন, এটা হচ্ছে মানবিক দিক। রোগীদের সেবা করা একটি মহান কাজ। এই কাজে সমাজের বিত্তবান থেকে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা আরো বলেন, এই সমিতির সদস্যরা এ বছরে নুতন সদস্য ভর্তিতে সহযোগিতা করবে। সেইসাথে আজীবন সদস্যরা বছরে সাধ্যমত একটা অর্থ প্রদান করবেন বলে আশাব্যাক্ত করেন।
এদিকে ড. হামিদুল ইসলাম বিগত বছরের কার্যক্রম ও আয়-ব্যায় উপস্থাপন করেন। সেইসাথে তিনি বলেন, চলতি অর্থ বছরের সব থেকে বেশী অর্থ এই সমিতিতে এসেছে। সেইসাথে সরকারী সহযোগীতাও বেড়েছে। ফলে বেশী রোগীকে তারা সহযোগীতা করতে পেরেছেন। তিনি আরো বলেন, এই রোগী কল্যাণ সমিতিতে কেউ সদস্য হলে বা অর্থ দিলে আয়কর রেয়াত পাবেন। এটা সরকারীভাবে অনুমোদিত হয়েছে বলে জানান তিনি।
সভাপতি তার বক্তব্যে বলেন, তিনি আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তবে তিনি এই সমিতির জন্য যা করে গেলেন তা যদি ধরে রাখতে পারে তাহলে আগামীতেও কোন সমস্যা হবেনা। জনবল সংকট বিষয়ে তিনি বলেন, এবিষয়ে মন্ত্রণালয়ে কথা বলেছেন তিনি। তিনি আরো বলেন, রোগীদের সেবা প্রদানের জন্যই তাঁরা আছেন। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জনবল অনেক কম। ৬০ভাগ চতুর্থ শ্রেণির কর্মচারী নাই। বিভিন্নভাবে এই পদগুলো শুন্য রয়েছে। এরপরেও যথাসাধ্য তাঁরা রোগীদের সেবা প্রদান ও রোগী কল্যাণ সমিতির মাধ্যমে অজ্ঞাত অনেক রোগীকে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। তিনি এই সমিতির সার্বিক কল্যাণ কামনা করেন। সেইসাথে আজীবন পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।