নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের বাংলোতে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন। এরপর নৈশভোজ ও ঈদ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ঈদ আমাদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার শিক্ষা দেয়। তিনি বলেন, এই ধরনের আয়োজন প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বয়কে আরও সুদৃঢ় করবে এবং রাজশাহীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, ঈদুল আজহা ত্যাগ ও সহমর্মিতার বার্তা বহন করে। তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
উপস্থিত সবাই জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।