নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার্থীদের সম্মাননা ভবিষ্যতে আরও বড় অর্জনে অনুপ্রাণিত করবে। আজকের মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞান, স্বাস্থ্য ও শান্তির জন্য এমন কিছু আবিষ্কার করবে যা বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলানায়তনে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত এসএসসি-২০২৫ ব্যাচের ৪৮৩ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, যে জাতি, যে সমাজ বা যে প্রতিষ্ঠান তার শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করতে জানে না, তারা কখনও বড় হতে পারে না।
শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজের শীর্ষ অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে রাজশাহী শিক্ষা ক্ষেত্রে দেশসেরা অবস্থানে রয়েছে। এ অর্জন এই অঞ্চলের জন্য অত্যন্ত গর্বের বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, চরম প্রতিকূলতার মাঝেও দেশ ও মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। উদাহরণ হিসেবে তিনি বিশ্ববরেণ্য স্থপতি এফ. আর. খান এবং ওরস্যালাইন আবিষ্কারক ড. কাদরির মতো বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
জুলাইয়ের ছাত্র-আন্দোলনের বীরত্বগাথা স্মরণ করে তিনি বলেন, ছাত্ররাই যুগে যুগে বাংলাদেশের প্রতিটি সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারাই নেতৃত্ব দিবে। তিনি আরও বলেন, অচিরেই রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে এখানে ‘এগ্রো-বেসড’ ইপিজেড স্থাপন করা হবে। এসময় তিনি আইনশৃঙ্খলা ও পরিচ্ছন্নতার দিক থেকে রাজশাহী বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শহর বলে উল্লেখ করেন।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (পুটিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিসয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এসএসসি-২০২৫ ব্যাচের ৪৮৩ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির ৫ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রী