নিজস্ব প্রতিবেদক: কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে ভদ্রা ডিআইসিতে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মিসেস র্যান্সি রুথ হাঁসদা। তিনি রাজশাহী শহরের বিভিন্ন স্টেকহোল্ডারদের শিশুদের জন্য সেবা সহভাগিতা, সহযোগিতা ও সেবাবিনিময় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থিত স্টেকহোল্ডারগণ আলোকিত শিশু প্রকল্পের শিশুদের কল্যাণে নিয়মিত সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম। তিনি শিশু সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সমন্বয় সভায় ১৪ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন।