নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ও ফরমায়েশি মামলায় সকলেই স্থায়ী জামিন পেয়েছেন। রাজশাহী সিনিয়র জেলা দায়রা জর্জ কোর্টের বিচারক এই জামিন প্রদান করেন। এরপূর্বে আবু সাঈদসহ সকল আসামী উচ্চ আদালতে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
গত মাসের ২৯ তারিখ শেষ দিনে অত্র কোর্টে সকল আসামী আত্মসমর্পন করলে উভয় পক্ষের শুনানী শেষে উচ্চ আদালতের ন্যায় এই কোর্টও অর্ন্তবর্তিকালীন জামিন বহাল রাখেন এবং ১৩ সেপ্টেম্বর আবারও দিন ধার্য করেন। বৃহস্পতিবার তাঁরা সকলেই কোর্টে আবারও হাজিরা দিলে দীর্ঘ শুনানী শেষে বিচারক সকল আসামীকে পুলিশের চার্জসিট না দেয়া পর্যন্ত এই স্থায়ী জামিন প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ চাঁদ বলেন, এই মামলা সম্পূর্ন ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক বলেই বিচারক বিষয়টি অনুধাবন করে তাঁদের সকলকে স্থায়ী জামিন দিয়েছেন। তিনি বলেন, কোন প্রকার মামলা, হামলা করে বিএনপিকে তথা তাঁকে দমিয়ে রাখা যাবেনা। সত্যের পথে এবং এই ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে তার আন্দোলন অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। সম্পুর্ণ সাজানো মামলা দাবী করে তিনি বলেন, অবশ্যই সত্যের বিজয় হয়েছে। চুড়ান্ত রায়েও তাঁদের বিজয় হবে বলে জানান এই নেতা।

এ সময়ে কোর্টে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য আলী হোসেন, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, আমিনুল ইসলাম মিন্টু, তোফায়েল হোসেন রাজু, আনোয়ার হোসেন জুম্মা ও জাকিরুল ইসলাম বিকুল।
আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও সদস্য সচিব আরফিন কনক ও জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালীসহ জাতীয়তাবাদী আইনজীবীগণ।