নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শোক র্যালি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম, মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহীদ শহীদুল ইসলাম শাওন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিম, নারায়নগঞ্জ জেলা যুবদল নেতা শহীদ শাওন প্রধান ও বেনপোল পৌরসভা ৩৭নং ওয়ার্ড বিএনপি নেতা শহীদ আব্দুল আলিম কে পৈচাশিকভাবে হত্যার প্রতিবাদে এই শোক র্যালি করেন তারা।
বাদ আসর নেতৃবৃন্দ সোনাদিঘীর মোড় হতে শোক র্যালি বের করে নগরীর গুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক ও সাহেব বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা।
মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও জয়নুল আবেদীন শিবলী, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আশরাফ জামান আব্বু, মহানগর বিএনপি’র সদস্য আরিফুল হক বনি ও শাহীনা আকতার রোজি, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, নারী নেত্রী মনোয়ারা, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জাামন জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলেরর আহবায়ক সুলতান আহম্মেদ রাহী ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, হত্যা, গুম, নির্যাতন ও মামলা দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা। এখন সরকার পতনের জোয়াড় বইতে শুরু করেছে। এই জোয়ারে আওয়ামী লীগ তথা এই ফ্যাসিস্ট সরকার ভেসে যাবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কোন ষড়যন্ত্র আর জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারবেনা। যেখানেই বাধা সেখানেই এখন প্রতিরোধ দূর্গ গড়ে তোলা হচ্ছে। এখন আর ছেড়ে কথা বলার সময় নেই। যে ইট মারবে সে পাটকেল খাবে বলে হুঁশিয়ারী দেন প্রধান অতিথি। বক্তব্য শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক।