নিজস্ব প্রতিবেদক: বেশ কিছুদিন থেকে দেশে চিনি নিয়ে চলছে তেলেসমাতি। ব্যবসায়ীদের কারসাজিতে বাড়িয়েছে নিত্য প্রয়োজনীয় এই দ্রব্যের দাম। চিরি মূল্য বৃদ্ধিতে মিষ্টি জাতীয় সব খাবারের মূল্য হুহু করে বাড়তে শুরু করেছে বাজারে। এ নিয়ে সারাদেশেই চলছে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর সাহেব বাজার এলাকায় চিনির গোডাউনে অভিযান চালিয়েছে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময়ে ভোক্তা অধিকারের আভিযানিক দল ১৩৪ বস্তা চিনি মজুদ রাখায় দায়ের আলী আহাম্মদ নামের এক পাইকারী ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বাজারে অভিযান পরিচানলা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সেলিম। তিনি বলেন, চিনির কৃত্রিম সংকট তৈরি করায় সোমবার থেকে রাজশাহীর বিভিন্ন চিনির দোকান ও গোডাউনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে থাকবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। কেউ চিনির কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে অভিযান শেষে মজুদ করা চিনি সাহেব বাজার এলাকায় সরকারি নির্ধারিত দাম ৯০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
চিনি ক্রয় করতে আসা মুরাদ হোসেন ও সখিনা বেগমসহ অন্যান্যরা বলেন, নিত্যপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এর মধ্যে ব্যবসায়ীদের কারসাজিতে অসহায় পড়েছে সাধারণ জনগণ। এই ধরনের অভিযান ও মোটা অংকের জরিমানা অব্যাহত রাখার জন্য তারা ভোক্তা অধিকারসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।