নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমুদ্র আইন বিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না——রাজিউন)। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি তার দুই ছেলে ও এক মেয়েসহ বহুগুণগ্রাহী, সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন। আইন বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে বুধবার সকালে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি হাসিবুল আলম বলেন, অধ্যাপক হাবিবুর রহমান বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার রাত ১১টার দিকে ইন্তেকাল করেন। তিনি সমুদ্র আইন বিশেষজ্ঞ ছিলেন। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি এতই কর্মময় ছিলেন যে গতকালও তিনি আইন বিভাগে পড়িয়েছেন। তার শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তিনি ২০১৩ সালে আইন বিভাগ থেকে অবসরে যান। তবে বিভাগে তিনি সমুদ্র আইন বিষয়ে খণ্ডকালীন ক্লাস নিতেন।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম বলেন, হাবিবুর রহমান আইন অনুষদের সাবেক ডিন ছিলেন। এ ছাড়া তিনি আইন ও বিচার বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। সমুদ্র আইনে তাঁর দখল ছিল। বঙ্গোপসাগরে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র জয়ে মূল বিশেষজ্ঞ দলে কাজ করেছেন তিনি। সমুদ্র আইন ছাড়াও তিনি আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞ ছিলেন।
খ্যাতিসম্পন্ন সমুদ্র আইন বিশারদ ড. হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর। দেশে আইন বিষয়ে পঠন-পাঠনে ড. হাবিবুর রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
বাংলাদেশের সমুদ্র জয়ের ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, অধ্যাপক ড. হাবিবুর রহমানের মৃত্যুতে দেশ তার এক কৃতী শিক্ষক ও গবেষককে হারালো। তার মৃত্যু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শূন্যতার। তিনি পড়ানোর পাশাপাশি দেশের জন্য ভূমিকা রেখেছেন।
ড. মো. হাবিবুর রহমান ১৯৭৩ সালে রাবি আইন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি সমুদ্র আইন বিষয়ে ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন ও জার্মানীর ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি বিভাগীয় সভাপতি, আইন অনুষদ অধিকর্তা ও সিনেট সদস্যসহ অন্য কয়েকটি দায়িত্বও পালন করেন। তিনি বেশ কয়েকটি মাস্টার্স, এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেন। সমুদ্র আইন বিষয়ে তাঁর গ্রন্থ ও প্রবন্ধসমূহ ব্যাপক উদ্ধৃত হয়।