নিজস্ব প্রতিবেদক: ‘স্থানীয় পণ্য কিনে হই ধন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে সপ্তাহব্যাপী রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলা-২০২৩ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নগর ভবন গ্রীন প্লাজায় ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মেলায় ৩৪ নম্বর শো-রুম হচ্ছে দিনের আলো হিজড়া উন্নয়ন মহিলা সংস্থার। এই শো-রুমে নিজ হাতে কারুকার্জ করা থ্রিপিচ, টু-পিচ, শাড়ী ও বেডসিটসহ বিভিন্ন ধরনের তৈরী পোষাক পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে অত্র প্রতিষ্ঠানের পরিচালক আবু হাসনা পলি বলেন, হিজড়া জনগোষ্ঠি এখনো অবহেলিত। কর্মসংস্থান না হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। অন্যের নিকট হাত পেতে তাদের চলতে হচ্ছে।
এই জনগোষ্ঠিকে এগিয়ে নিয়ে মূলস্রোতধারার সাথে যুক্ত করতে তাঁর প্রতিষ্ঠান সহ দিনের আলো হিজড়া সংঘ কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি এই প্রতিষ্ঠানে বেশ কিছু বেকার প্রশিক্ষিত হিজড়াদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলে উল্লেখ করেন তিনি। সরকারীভাবে সহযোগিতা পেল আগামীতে আরো বড় আকারে এ কাজ করা সম্ভব বলে আশাব্যক্ত করেন তিনি।