নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি ফলজ গাছ কেটেছে দুষ্কৃতিকারিরা। এব্যাপারে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির রেজাউল করিম আরএমপি কাটাখালী থানাসহ উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিমের নিকট থেকে জানা যায়, হরিয়ান ইউনিয়নের কাটাখালী থানার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে। এরমধ্যে শনিবার দিবাগত রাতে কে বা কারা বিদ্যালয়ের মাঠে থাকা ফলের গাছের মধ্যে ৬ টি অন্যান্য গাছ কেটে ফেলেছে। গাছগুলোর মধ্যে ছিল বরই, ডালিম, লিচু, আম ও কামরাঙ্গা। এতে প্রায় ১২ হাজার টাকার ক্ষতিসহ বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হয়েছে। দপ্তরি কাম প্রহরী থাকা সত্বেও দুষ্কৃতিকারিরা গাছগুলো কেটে ফেলেছে।
এ বিষয়ে প্রত্যেক্ষদর্শী মছির উদ্দিন বলেন, তার নিজস্ব বাসা না থাকায় স্কুলের বারান্দায় তিনি থাকেন। ঘটনার রাতেও স্কুলের বারান্দায় শুয়ে ছিলেন। রাতে তিনজন ছেলে তাকে জিম্মি করে গাছ কেটেছে। এ নিয়ে চেচামেচি করলে বা কাউকে তাদের কথা বললে জানে মেরে ফেলার হুমকী দেয় ঐ তিনজন। ভয় পেয়ে তিনি চুপ করে ছিলেন।
অত্র বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সালাউদ্দিন মো: আমিনুল ইসলাম বলেন, তিনি রাতে ঘুমিয়ে যাওয়ায় কারা গাছ কেটে ফেলেছে তা বুঝতে পারেন নি। প্রধান শিক্ষক আফরোজা বেগম বলেন গাছ কেটে ফেলায় তিনি মর্মাহত হয়েছেন। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে পদক্ষেপ নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
হরিয়ান ইউপির চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, ঐ বিদ্যালয়ের সভাপতি তাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। আরএমপি কাটাখালী থানা অফিসার্স ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।