নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চল পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আলোকিত শিশু প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে রাস্তার সাথে যুক্ত শিশুদের অধিকার সুরক্ষিত ও উন্নীত করা। অত্র প্রকল্পের আয়োজনে শনিবার কারিতাস রাজশাহী অঞ্চল ফাদার এফ, চেস্কাতো সম্মেলন কক্ষে আলোকিত শিশু প্রকল্পের শিশু ক্লাব লিডারদের নিয়ে নেতৃত্ব গঠণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালাক ড. আরোক টপ্য। উদ্বোধণী বক্তব্যে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, ‘‘আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। প্রত্যেক শিশুর মধ্যেই কোন না কোন প্রতিভা রয়েছে। সৃষ্টিকর্তা প্রত্যেকেই একইভাবে ব্রেইন দ্বারা সৃষ্টি করেছেন। এই ব্রেইন এর ব্যবহার যত বেশি করবে মানুষ তত বেশি জ্ঞানী হবে বা জ্ঞান অর্জন করতে পারবে। একজন শিশু লিডার হতে হলে অবশ্যই সৎ ও পরিশ্রমী হতে হবে, সজাগ থাকতে হবে, স্বপ্ন বা লক্ষ্য থাকতে হবে, অন্য মানুষকে পথ দেখাতে হলে নিজের দৃষ্টিভঙ্গি সচল রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।
কর্মশালায় শিশু অধিকার বিষয়ে সহ-ভাগিতা করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম। কারিতাস ও আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম, নেটওয়ার্কিং ও স্থানীয় সম্পদ আহরণ এবং সেফগার্ডিং সম্পর্কে সহভাগিতা করেন আলোকিত শিশু প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা র্যান্সি রুথ হাঁসদা।নেতৃত্ব ও নেতৃত্বের গুণাবলি সম্পর্কে সহভাগিতা করেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে।
সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিশু লিডারদের মধ্য থেকে চারজন শিশু তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই কর্মশালার মাধ্যমে আমরা যা শিখেছি তা আমরা আমাদের মহল্লায় ও শিশু ক্লাব পরিচালনায় কাজে লাগাবো।’’ কর্মশালায় মোট ছেলে মেয়ে ৪২ জন শিশু লিডার অংশগ্রহণ করেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আলোকিত শিশু প্রকল্পের কর্মকর্তাগণ।