নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২৬জুন) থেকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার এবং ছাত্রী ৬৪ হাজার। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৯৩২ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন।
এবারে বিজ্ঞান বিভাগে ৩৩,৯৬২ জন। এর মধ্যে ছাত্র ১৭,২৬৩, ছাত্রী ১৬,৬৯৯, মানবিক বিভাগে ৮৭,৯৭২ জন। এরমধ্যে ছাত্র ৪৩,৮০৮, ছাত্রী ৪৪,১৬৪, বাণিজ্য বিভাগে ১১,৫৫৭ জন। এরমধ্যে ছাত্র ৭,৮২৯, ছাত্রী ৩,৭২৮ বলে বোর্ড সূত্রে জানা গেছে। এর মধেধ্য আবার নিয়মিত: ১ লাখ ১৪ হাজার ৩০৫ জন, অনিয়মিত: ১৯ হাজার ১২৬ জন, ইমপ্রুভমেন্ট: ১৭১ জন এবং প্রাইভেট: ১১ জন শিক্ষার্থী রয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৮টি জেলার ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রে প্রয়োজনীয় উপকরণ পৌঁছে গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। মনিটরিং টিমও কাজ করবে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম জানিয়েছেন “পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।