নিজস্ব প্রতিবেদক: ইয়াবাসহ আটক রাজশাহী মহাননগর বিএনপি’র অন্তর্গত ২৩নং ওয়ার্ড বিএনপি’র সদস্য তবিবুর রহমান সুমনকে (৪০) বিএনপি’র প্রাথমিক পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ গত বুধবার (৯ জুলাই ২০২৫) এই বহিস্কার আদেশে স্বাক্ষর করেন। তাঁর বিরুদ্ধে দলের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ আনা হয়েছে। বহিষ্কৃত সুমনের বাড়ি রাজশাহী নগরের পঞ্চবটী এলাকায়।
রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ স্বাক্ষরিত ঐ চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি–আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সদস্য সচিব বলেন, বহিষ্কারের ভাষা হিসেবে দলীয় শৃঙ্খলাভঙ্গের কথা বলা হয়েছে। আসলে তিনি বাঘা থানায় মাদকদ্রব্যসহ আটক হয়েছেন। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করা হয়েছে।
রাজশাহীর বাঘা থানা সূত্র জানায়, গত মঙ্গলবার বাঘা পৌর এলাকায় অভিযান চালিয়ে তবিবুর রহমানকে ১০০টি ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাঁর সঙ্গে একই এলাকার সনেট নামের আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পরের দিন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।