নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্ট মাসের ১০ তারিখ হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপি’র কাউন্সিল। এই কাউন্সিলে আসবে সব থেকে যোগ্য নেতৃত্ব। যারা আসবেন তারা আগামীতে বিএনপিকে সুসংগঠিত করে রাখবেন। সেইসাথে রাজশাহী যে বিএনপি’র ঘাটি তা তারা ধরে রাখবেন বলে রোববার বিকেলে বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত কাউন্সিলকে সফল করতে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, তারা এতদিন অত্যন্ত সচ্ছতা ও দৃঢ়তার সাথে দলের সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। আহ্বায়ক কমিটি সকল থানা এবং ওয়ার্ড পর্যায়ে সফলভাবে কমিটি গঠন করেছেন। কমিটির সকল নেতৃবৃন্দ দলের হয়ে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, আগামী ১০ আগস্ট যে কাউন্সিল হবে, তাতে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি থাকতে হবে। এজন্য সবাইকে এখন থেকে কাজ করতে হবে। কাউন্সিলে কেন্দ্রীয় নেতারা থাকবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বানচাল করতে জনবিচ্ছিন্ন দলগুলো ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদর উদ্দিনসহ বিএনপি সকল থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।