সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শ্রমিক শোষণমূলক নীতিমালা বাতিলের দাবিতে বিএডিসি শ্রমিকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

  • প্রকাশ সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকদের চাকরী স্থায়ী করার দাবিতে দেশব্যাপী আন্দোলনে নেমেছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন। শ্রমিকদের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিএডিসি কর্তৃপক্ষ প্রায় ছয় বছর ধরে তা কার্যকর করছে না। বরং সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রণীত নতুন নীতিমালার আওতায় এনে তাঁদের মাত্র ২২ দিনের মজুরি গ্রহণে বাধ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের দাবী, এটি শ্রমিক শোষণ ও প্রতারণার এক চরম উদাহরণ।

ফেডারেশনের উদ্যোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বিএডিসি রাজশাহী কার্যালয়ের সামনে কয়েকশ শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন অনিয়মিত শ্রমিক তাহারাজ আলী, শরিফুল ইসলাম নবাব, মিজানুর রহমান, আরিফুল ইসলাম, জিলানি জিয়ারুল ইসলাম ও রফিকুল ইসলামসহ অনেকে।

ফেডারেশনের সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ১৮ আগস্ট থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিএডিসির প্রধান কার্যালয়সহ সব খামার ও দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

শ্রমিক নেতাদের অভিযোগ, ২০১৭ সালে প্রণীত “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা” অনুযায়ী স্থায়ী করার সুযোগ থাকলেও বিএডিসি কর্তৃপক্ষ তা কার্যকর করেনি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে কৃষি মন্ত্রণালয়ও অনিয়মিত শ্রমিকদের স্থায়ী করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশনা গত ছয় বছর ধরে উপেক্ষিত হয়েছে।

এর পরিবর্তে চলতি বছরের ১৫ এপ্রিল অর্থ মন্ত্রণালয় একটি নতুন নীতিমালা দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫ জারি করে। ফেডারেশনের দাবী, এই নীতিমালা কেবল জরুরি প্রয়োজনে স্বল্প সময়ের জন্য নিয়োগকৃত শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য। অথচ বিএডিসি কর্তৃপক্ষ এই নীতিমালার অপব্যাখ্যা করে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত হাজারো শ্রমিককে এর আওতায় নিয়ে আসতে চাইছে। ফলে শ্রমিকদের মাসিক আয়ের পরিবর্তে তাঁদের মাত্র ২২ দিনের মজুরি নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।

রাজশাহীর অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক রফিকুল ইসলাম বলেন, আমরা বছরের পর বছর ধরে বীজ উৎপাদন, সংরক্ষণ, সেচসহ নানা ধরনের কাজ করছি। অথচ আজ আমাদের সাময়িক শ্রমিক বানিয়ে দেওয়া হচ্ছে। এটা শুধু অন্যায় নয়, আমাদের সঙ্গে প্রতারণাও। ফেডারেশনের নেতারা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। গত ২৫ মে ঢাকায় সংবাদ সম্মেলন, ২৯ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ এবং সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হলেও কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বিভিন্ন খামারে শ্রমিকদের নতুন নীতিমালার অধীনে মজুরি নিতে চাপ দেওয়া হচ্ছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার বলেন, আমরা আলোচনার পথ খোলা রেখেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবিকে অগ্রাহ্য করছে। কৃষি মন্ত্রণালয়ের সুস্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও কেন শ্রমিকদের স্থায়ী করা হচ্ছে না, আর কেন অর্থ মন্ত্রণালয়ের বিতর্কিত নীতিমালা চাপিয়ে দেওয়া হচ্ছে এর জবাব আমাদের পেতেই হবে।
ঘোষিত কর্মসূচি সফল করতে ফেডারেশন দেশের সব ইউনিটকে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ব্যানার টানানো, স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলা এবং কর্মসূচি শুরুর আগে প্রতিষ্ঠান প্রধানকে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দিয়েছে।

সার্বিক বিষয়ে বক্তব্য জানতে বিএডিসি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin