নিজস্ব প্রতিবেদক: জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১ টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানবন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি রাজকুমার শাও, কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস ,বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী,সমাজকর্মী আফজাল হোসেন, এডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, এডভোকেট হোসেন আলী পিয়ারা, ওয়ালিউর রহমান বাবু, সমাজসেবী ইসমিতা, তোফাজ্জল হোসেন, জ্যাপ রাজশাহী জেলা সাবেক সাধারণ সম্পাদক সুসেন কুমার স্যামদুয়ার, বর্তমান সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, জ্যাপ রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক শাওন ভূইয়াসহ রাজশাহীর আশপাশের বিভিন্ন এলাকার আদিবাসী জনগোষ্ঠীর নেতাকর্মীরা অংশ নেন।
বক্তরা বলেন, গত ৯ আগস্ট ২০২৫ তারিখে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রুপলাল রবিদাস (৪০) ও প্রদীপ রবিদাস (৩৫) কে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার দ্রুত বিচার, অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়।
এছাড়া রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রাম ও তানোরের শিমুলতলা গ্রামে আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান । সেইসাথে তারা বলেন, বারবার আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে গড়িমশি করা হয়। এ ধরণের ঘটনা রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যসম্পন্ন করার আহ্বান জানান তারা।