নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অত্যাধুনিক মাল্টি জিমের দ্বার উন্মোচন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে এর উদ্বোধন করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক। এ সময়ে তিনি বলেন, এই মাল্টি জিমটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হলেও কোন নীতিমালা বা সঠিক দিকনির্দেশনা না থাকায় এর সুফল থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয়ে আসছিলো।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর খেকেই তিনি এই জিমের কার্যক্রম শুরু করার জন্য শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক আবু বকর হায়দার রিপনকে দায়িত্ব প্রদান করেন। তিনি অনেক চেষ্টা করে এই জিম চালু করলেন বলে জানান অধ্যক্ষ। তিনি বলেন, শুধু লেখাপড়া করলেই হবেনা। শরীরকেও ঠিক রাখতে হবে। এজন্য প্রতিটি মানুষকে নিয়মিত হাটা এবং ব্যায়াম করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে আবু বকর হায়দার রিপন বলেন, ২০০৬ সালে এই জিমটির জন্য পঞ্চাশ লক্ষ টাকার জিম সামগ্রী ক্রয় করা হয়। এখন তার মূল্য ডবলেরও বেশী। কিন্তু অবহেলায় জিমটি পড়ে ছিলো। নষ্ট হচ্ছিল সকল ব্যায়াম সামগ্রী। বর্তমান অধ্যক্ষের সহযোগিতায় এটা পুণরায় প্রাণ ফিরে পেয়েছে। এরজন্য নতুন করে ক্রয় করা হয়েছে নতুন নতুন জিম সামগ্রী। এই জিমটি এখন প্রায় সয়ংসম্পুর্ন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে শিক্ষার্থীদের মাত্র তিনশত টাকার বিনিময়ে এই জিমে শারীরিক ব্যায়াম করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও ছেলে ও মেয়েদের জন্য আলাদা প্রশিক্ষক রাখারও কথা বলেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রানীবিদ্যা বিভাগের প্রভাষক ড. নুরুল ইসলাম ও আরবী বিভাগের প্রভাষক ড. সিরাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থবৃন্দ।