নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেন, প্রতিদিন সারা দেশে সড়ক দূর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করছে। সেইসাথে আহত ও পঙ্গুত্ববরণ করছে শত শত লোক। নিহতদের পরিবার ও আহতরা জানে না তারা বিআরটিএ থেকে একটি অনুদান পাবে। তিনি বলেন, দূর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেন তাদের পরিবার পাবে পাঁচ লক্ষ টাকা(৫,০০০০০), আর আহতরা ধরণ বুঝে পাবে সর্বোচ্চ তিন লক্ষ টাকা (৩,০০০০০)।
কিন্তু বিষয়টি কেউ জানতেন বলে জানান তিনি। এক মাসের মধ্যে আবেদন নয়, মৃত্যু ও আহত হওয়ার পরে যে কোন সময়ে নিয়ম মেনে পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন বলে জানান তিনি। জেলা প্রশাসন ও বিআরটিএ রাজশাহী সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, এই আবেদন যারা সিটি কিংবা উপজেলার বাহিরে বসবাস করবেন তারা জেলা প্রশাসক আর উপজেলা পর্যায়ের লোকজন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে করবেন। এবিষয়ে ব্যাপক ভাবে প্রচার করার জন্য বিআরটিএ কর্তৃপক্ষকে নিদের্শনা দেন তিনি। সেইসাথে সময় বাড়ানো নিয়ে বিআরটিএ কর্তৃপক্ষের সাথে তিনি নিজে কথা বলবেন বলে উল্লেখ করেন। একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না উল্লেখ করে তিনি বলেন, রাস্তার ডিভাইডার গুলো স্পস্ট করতে হবে। অনেক স্থানে সাদা কালার উঠে গেছে গুলো দেখতে হবে। ট্রাফিক আইন মানতে হবে।
প্রধান অতিথি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিনে বাইকাররা তাদের হাজার হাজার মোটর সাইকেল নিয়ে সেখানে প্রতিযোগিতা করে যাওয়ার সময়ে বেশ কয়েক জন নিহত ও আহত হন। এছাড়াও প্রতিদিন দূর্ঘটনায় যে মৃত্যু হয় তার বেশীরভাগ হচ্ছে মোটর সাইকেল চালক ও আরোহীরা। এগুলো দেখার জন্য বিআরটিএ ও ট্রাফিক বিভাগকে অনুরোধ করেন। সেইসাথে দূর্ঘটনা এড়াতে জনগণকে সচেতন হওয়ার পরামর্শসহ মোটর সাইকেল বাইকারদের হেলমেট পরিধান এবং অন্যান্য যানবাহনের চালকদের নিয়ম মেনে এবং সাবধান হয়ে যানবাহন চালনার জন্য পরামর্শ দেন তিনি।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে রাজশাহীতে পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) পার্কন চৌধুরী, সহকারী পরিচালক ফয়সাল হোসেন, পরিদর্শক আবুল কালাম আজাদ, নিচসচা এয উপদেষ্টা রিজ উদ্দিন আহমেদ, সওজ এর নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। শেষে সওজ এর পক্ষ থেকে বেধ ড্রাইভিং লাইসেন্সধারীদের মধ্যে বিনামূল্যে উন্নত মানের হেলমেট প্রদান করা হয়।