বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কোল্ডস্টোরেজে আলু বস্তার ওজন ৫০ কেজির বেশি নয় দাবিতে কুলি শ্রমিকদের স্মারকলিপি ও মানববন্ধন

  • প্রকাশ সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোল্ডস্টোরেজে আলু লোড-আনলোডের সময় বস্তার ওজন ৫০ কেজির বেশি বহন করানো যাবে না এই একদফা দাবিতে রাজশাহীর পবা উপজেলায় স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুলি শ্রমিকরা। হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার দুপুরে নওহাটা পৌরসভার বায়া বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করে পবা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন। কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে স্মারকলিপি দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। পরে ইউনিয়নের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কুলি শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তুজা। তিনি বলেন, ২০১৭ সালে সাধ্যের অতিরিক্ত ভার বহনের কারণে কুলি শ্রমিকদের শারীরিক ক্ষতি ও ঝুঁকির বিষয়টি সামনে এনে হাইকোর্টে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে নির্দেশ দেন নারী শ্রমিক সর্বোচ্চ ৩০ কেজি এবং পুরুষ শ্রমিক সর্বোচ্চ ৫০ কেজির বেশি ভার বহন করতে পারবেন না। এই নির্দেশনা সবার জন্য বাধ্যতামূলক হলেও বাস্তবে তা মানা হচ্ছে না।

মোর্তুজা অভিযোগ করেন, রুলজারি কার্যকরের পরবর্তী এক বছর কিছু কোল্ডস্টোরেজে ৫০–৫৫ কেজি পর্যন্ত আংশিকভাবে মানা হলেও বর্তমানে রাজশাহী জেলার বিভিন্ন কোল্ডস্টোরেজে ৭০ থেকে ৮০ কেজি ওজনের আলু বস্তা বহন করানো হচ্ছে। এতে শ্রমিকদের কোমরব্যথা, হাঁটু ও মেরুদণ্ডজনিত সমস্যা বেড়ে গেছে। অনেক শ্রমিক অল্প বয়সেই কর্মক্ষমতা হারাচ্ছেন।

তিনি আরও বলেন, আগামী ২০২৬ মৌসুমে আলু বস্তার ওজন ৮০ থেকে ১০০ কেজিতে বাড়ানো হবে না—এমন কোনো নিশ্চয়তা নেই। মার্চের প্রথম সপ্তাহ থেকেই কোল্ডস্টোরেজে আলু লোড-আনলোড শুরু হওয়ার কথা। তার আগেই হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না হলে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করবে।

সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন বলেন, হাইকোর্টের রুলজারি বাস্তবায়নের দাবিতে কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তিনি বলেন, “আমরা আইন মেনে কাজ করতে চাই। আইন অনুযায়ী ৫০ কেজির বেশি বহন না করাই আমাদের একমাত্র দাবি।”

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, কুলি শ্রমিকরা দৈনিক মজুরির ওপর নির্ভরশীল। অতিরিক্ত ভার বহনের কারণে অসুস্থ হলে চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করতে না পারায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়। তারা বলেন, আইন থাকলেও বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ সময় ইউনিয়নের সহ-সভাপতি সেলিম উদ্দিন, সহ-সভাপতি শরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ওজন বহন করানো শ্রম আইন ও মানবাধিকারের পরিপন্থী। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে শ্রমিকরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

কুলি শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়—২০২৬ মৌসুমের আগেই হাইকোর্টের রুলজারি অনুযায়ী কোল্ডস্টোরেজে আলু বস্তার ওজন সর্বোচ্চ ৫০ কেজি নির্ধারণ করে তা কঠোরভাবে বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ও লোড-আনলোড কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান শ্রমিক নেতারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin