নিজস্ব প্রতিবেদক:“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্যাপন করা হয়। রোববার বিকেলে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়। নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ ও সামাজিক মর্যাদা উন্নয়নের জন্য সরকারের একটি সুস্পষ্ট রূপরেখা রয়েছে। নারী উন্নয়ন নিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখায় নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে। বিএনপিতে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দরিদ্র পরিবারের নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোকে সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মূল উদ্দেশ্য নারীদের হাতে অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। সহকারী কমিশনার (ভূমি) জুবাইদা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সংগঠনের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।