নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সম্মান ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পরিষদও মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাঁদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই চেক বিতরণ কেবল আর্থিক সহায়তা নয়, বরং জাতির পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে জেলা পরিষদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, প্রশাসনিক অফিসার মোঃ আব্দুল আলিম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী আল আমীন মল্লিক। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭৩ জনের মাঝে ৪ লক্ষ আটত্রিশ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ।