নিজস্ব প্রতিবেদক: “শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে শিশু সুরক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত”। সোমবার বেলা ১১টায় কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে শিশু সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত শিশু প্রকল্পের কনসালটেন্ট লী ম্যাকুইন।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রীয় অফিস, ঢাকার প্রোগ্রাম অফিসার কুসুম গ্রেগরী, কর্মসূচি কর্মকর্তা র্যান্সি রুথ হাঁসদা, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম এবং প্রকল্পের মাঠপর্যায়ের কর্মকর্তাগণ। সভায় শিশু সুরক্ষা কমিটির ১০ জন সদস্য (৫ জন পুরুষ ও ৫ জন নারী) সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সভায় শিশু সুরক্ষা কমিটির দায়িত্ব ও কর্তব্য, কমিটির অর্জনসমূহ, সক্ষমতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার পরও কমিটির কার্যক্রম কীভাবে টেকসইভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় কনসালটেন্ট লী ম্যাকুইন বলেন, “আপনাদের কাজ দেখে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় যে ভূমিকা পালন করছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
সভা শেষে কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য উপস্থিত সকল অতিথি, শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং প্রকল্প কর্মীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কমিটির সদস্যদের ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। পরবর্তীতে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।