নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব ও রাসিক মেয়র প্রার্থী প্রত্যাশী রফিকুল ইসলাম রবি। শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি নিখোঁজ ব্যক্তির ছেলের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। এ সময় মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে রবি বলেন, মঙ্গলবার দুপুরে রাজশাহীর চর মাজারদিয়ার এলাকা থেকে ৮ জন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে ইঞ্জিনচালিত একটি নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীর মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন আফছার আলী এবং তার ছেলে জিয়ারুল হক। তাদের বাড়ী শ্যামপুর বালুরঘাট কাটাখালী থানা এলাকায়। তিনি দ্রুত সময়ের মধ্যে ঐ পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং সমবেদনা ও আর্থিক সহযোগিতা করেন।
তিনি আরো বলেন, পদ্মা একটি প্রমত্তা নদী। এই নদী বর্ষা মৌসুমে বিকট আকার ধারণ করে। বিকট আকার ধারণ করলেও ওপারের জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন কাজে এপারে(শহরে) এবং এপারের মানুষকে ওপারে যাতায়াত করতে হয়। কিন্তু এই নদী পাড়াপাড়ের জন্য নেই কোন প্রকার সতর্কবার্তা। কোন নৌকায় নেই যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট। এগুলো দেখার জন্য নৌ-পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। সেইসাথে তিনি বেশ কিছু লাইফ জ্যাকেট প্রদান করেন। এছাড়াও পাড়াপাড়ের জন্য প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট বাধ্যতামুলক করার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের আহ্বান জানান রবি।

তিনি আরো বলেন, মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন চালাতে যেমন লাইসেন্স প্রয়োজন হয়। তেমনি বেশীরভাগ নৌকাও চলে মেশির দ্বারা। এজন্য নৌকা পরিচালনা করার জন্য মাঝিদের লাইসেন্স বাধ্যতামূলক না করতে পারলেও মাঝিদের নৌকা চালানো করার প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দেন তিনি। যাতে বিপদের সময়ে কি করনীয় তা জেনে বুঝে ব্যবস্থা নিতে পারেন বলে জানান তিনি।
ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনায় আর কোনো মূল্যবান প্রাণ ঝরে না যায়, সেই সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষের নিরাপত্তা ও কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন রবি।