নিজস্ব প্রতিবেদক : শুধু সভা বা সেমিনার করে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে, রাজশাহী মেডিকেল বিশ্ববিধ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, শুধু সেমিনার করে নয় বরং সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে সচেতনতা বিষয়ক সভা করতে হবে। জনগণ যাতে সচেতন হয় ও নিজ বাড়ির আশপাশ পরিস্কার করে রাখে সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে এ নিয়ে কাজ করতে হবে। অন্যান্য জেলার তুলনায় রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী গ্রিন ও ক্লিন সিটি। অতীতে অনেক পুরস্কার পেয়েছিল। কিন্ত মাঝখানে বিভিন্ন কারণে এর সুনাম নষ্ট হয়েছে।
ফের সেই অবস্থা ফেরাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ ক্যাস্পাস ও রামেক হাসপাতাল প্রাঙ্গনে বৃক্ষরোপণের উপর সংশ্লিষ্টদের তাগিদ দেন। নিজ নিজ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন করতে সবাইকে কাজ করার আহবান জানান তিনি। চিকিৎসা নিতে আসা মানুসের সুবিধার্থে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে ১৩০০ থেকে আড়াই হাজার শয্যায় উন্নিত করা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
ডেগু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা, জনস্বাস্থ্য বিষয়ক পদক্ষেপ, এবং ব্যবস্থাপনায় একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি, ইস্কেমিক হৃদরোগ, বাংলাদেশ প্রেক্ষিতস বিষয়ে সেমিনারে অলোচনা হয়। সেমিনারে ২টি বিষয়ের ওপর পৃথকভাবে দুটি পেপারস উপস্থাপন করা হয়। প্রথম সেমিনার পেপার উপস্থাপন করেন রামেকের মেডিসিন বিভাগের প্রধান ও রামেকের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডা. আজিজুল হক আজাদ ও দ্বিতীয় সেমিনার পেপারস উপস্থাপন করেন হৃদরোগ বিভাগের প্রফেসর ডা. একে এম মনোয়ারুল ইসলাম।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন।
আরও উপস্থিত ছিলেন, রামেকের অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দকার ফয়সল আলম. রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকসহ অন্যান্য নেতৃবৃন্দ।