নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থনৈতিক, সামাজিক, মানবসম্পদসহ সব ক্ষেত্রেই পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে এগিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানকে অনেক আগেই পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। এসব ক্ষেত্রে ভারতকেও পেছনে ফেলেছে। সারাবিশ্বের অর্থনৈতিক খাত করোনা মহামারিতে ধস নেমেছে। শুধু ২০ দেশ এগিয়েছে। এরমধ্যে বাংলাদেশ অন্যতম। নেতৃত্বের কারণে সারাবিশ্বে প্রধানমন্ত্রী প্রশংসিত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে দীর্ঘ একমাস ধরে। যারা একাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয়। সবকিছুতে ব্যর্থ হয়ে মূর্তির কাছে কোরআন রেখে সারাদেশে নাশকতা সৃষ্টি করা হয়েছে। যে রেখেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সে শুধু ফরমায়েশ পালন করেছে। যাদের কথায় সে এই কাজ করেছে তাদেরও শিগগিরই শাস্তির আওতায় আনা হবে।
তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার। আজকের হিসেবে তা অন্তত চারগুণ বেড়েছে। এটা সবার পছন্দ হয়না। তাই নানা রকম ষড়যন্ত্রে তারা লিপ্ত। গুজব রটিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
তিনি আরও বলেন, এর আগে পদ্মাসেতুতে নরবলি দেয়ার গুজব রটিয়ে বেশ কয়েকজন শিশুকে হত্যা করা হয়েছে। বিএনপি-জামাত চক্রই এইসব গুজব রটিয়েছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সৌদি আরব, ইরান, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ সারাবিশ্বে ভাস্কর্য আছে। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে গুজব রটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে।
করোনার ভ্যাকসিন নিয়ে গুজবের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন নিয়েও গুজব রটায়। পরে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই ভ্যাকসিন নেয়। কেউ কেউ গোপনেও ভ্যাকসিন নিয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সংকটের মাঝেও ভ্যাকসিন নিশ্চিত করেছেন। অন্তত ২ কোটি মানুষ ২ ডোজ ভ্যাকসিন পেয়েছেন। ঘনবসতি পূর্ণ এই দেশে করোনা নিয়ন্ত্রণ সহজ কথা নয়। প্রধানমন্ত্রীর চেষ্টায় এবং আল্লাহর রহমতে তা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
এ সময় রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নির্বাচনের আগেই এখানে টেলিভিশন কেন্দ্র চালু হবে।