নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ জানুয়ারী বুধবার রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে আজ শুক্রবার বেলা ৩টার দিকে রাজশাহী মহানগর দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য নজরুল ইসলাম মন্ডল, সৈয়দ মোহাম্মদ মহসিন, আবু বককর সিদ্দিক, আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, শাহাদাত হোসেন, আলী হোসেন, সদর উদ্দীন, সাইদুর রহমান মন্টু, মকবুল হোসেন, ডিএম জিয়াউর রহমান, সামসুর রহমান মিন্টু, অধ্যাপক সিরাজুল ইসলাম ও ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সিরাজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটো, সদস্য সচিব নাজমুল হক, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুমসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, আগামী ১২ জানুয়ারী রাজশাহীর বিএনপি’র আয়োজনে বিশাল সমাবেশ হবে। এই সমাবেশ হবে বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ। এই সমাবেশ হবে গণতন্ত্র পূণরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সমাবেশ। এই সমাবেশ হবে একনায়কতন্ত্র তথা বাকশালী সরকারের পতনের সমাবেশ। বিধায় এই সমাবেশ স্থল কানায় কানায় ভরে দিতে জেলার সকল নেতাকর্মীদের আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, যেখানেই সমাবেশ স্থান হোক না কেন, তা জনসমুদ্রে পরিণত করতে হবে। যাতে করে এই সরকারের ভীত নড়ে বসে। কারন রাজশাহী হচ্ছে সকল আন্দোলন সংগ্রামের উৎসস্থল। দেশের কোন স্থান থেকে না হোক, রাজশাহী থেকে আগামীতে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তব্যে উল্লেখ করে প্রধান অতিথি সমাবেশের দিন সময় মত সকল নেতাকর্মী ও সমর্থকদের সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন।
সভার সভাপতি বলেন, যতই বাধা আসুক জেলা বিএনপি’র সমাবেশ সফল হবে। আর এই সমাবেশ সফল করতে উপস্থিত নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহন ও ভূমিকা রাখার আহবান জানান। সেইসাথে সমাবেশের দিন সকাল সকাল সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার জন্য রাজশাহীবাসীকে অনুরোধ করেন তিনি।