নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহীতে রাত থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। রোববার রাত থেকেই আকাশ মেঘলা, সূর্যের দেখা পাওয়া যায়নি সারাদিন। আজ সোমবারও এই আবহাওয়া বিরাজ করতে পারে। রাজশাহী ও ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বেড়ে গেছে শীতের তীব্রতা, নেমে গেছে তাপমাত্রা। আরও দু’একদিন এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।
রাজশাহী আবহাওয়া অফিসরে উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, এই আবহাওয়া আরও দু’একদিন থাকতে পারে। তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিস ষূত্রে জানা যায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।