নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ওয়াসার মানসম্মত পানি সরবরাহের ব্যবস্থা না করেই চলতি বছরের পহেলা ফেব্রুয়ারী থেকে পানির দাম অতিরিক্তভাবে তিনগুন বাড়িয়েছে। জনগণের কোন প্রকার মতামত না নিয়ে এবং গণশুনানি না করেই এই সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। করোনাকালীন সময়ে এটা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের প্রতিবাদ ও দ্রুত এই বর্ধিত বিল প্রত্যাহারের দাবী জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
আহবায়ক কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুনসহ অত্র কমিটির অন্যান্য সদস্যরা প্রতিবাদ জানিয়ে বলেন, রাজশাহীতে তেমন কোন বড় শিল্প কলকারখানা নেই। নেই বড় কোন ব্যবসা বাণিজ্য। এখানে বেকার সমস্যা প্রকট। হতাশায় মানুষ দিন গুনছে করোনা কালীন থেকে এই পর্যন্ত। অর্থনৈতিকভাবে মানুষ পঙ্গু হতে যাচ্ছে।
এমতাবস্থায় রাজশাহীর ওয়াসা কোন গ্রাহকের চিন্তা না করেই যে সিদ্ধান্ত নিয়েছে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজশাহীর গণমানুষের আয়ের সাথে সংগতি রেখে গণশুনানির মাধ্যমে পানির দাম নির্ধারন করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা। প্রয়োজনে সরকারকে ভুর্তুকি দিয়ে হলেও জনগণকে স্বাভাবিক দামে পানি সরবারহ করার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশা করেন নেতৃবৃন্দ। সেইসাথে এই হটকারী সিদ্ধান্তের বিষয়ে সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান তারা। আর জনগণের এই দাবি না মানলে রাজপথে আন্দোলন করে জনগণের দাবি পূরণ করার হঁমিয়ারী দেন মহানগর বিএনপি’র আহবায়ক কমিটর নেতৃবৃন্দ।