নিজস্ব প্রতিবেদক: পুলিশ লাইন্স ড্রীল শেডে রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, ফোর্সবৃন্দ ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপারের নিকট বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা ও মতামত উত্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও তাদের প্রস্তাবনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ হল অব ইউনিটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়। আসন্ন রমযান মাসে এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায় সেদিকের প্রতি লক্ষ্য রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সেইসাথে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান জোরদারকরনের কথা বলা হয়। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী অফিসার-ফোর্সদের পুরস্কৃত করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। সম্প্রতি পিআরএল এ গমনকারী তিনজন পুলিশ সদস্যক শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।