নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের ঐতিহ্য ধরে রাখতে এবং হারানো সংস্কৃতি পুণরুদ্ধারে কাজ করছে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃগোষ্ঠির ছেলে মেয়েদের সমন্বয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপি সাঁওতালী, পাহাড়িয়া ও বাংলা সংগীত কর্মশালা। অত্র একাডেমির আয়োজনে হল রুম ও সংগ্রহ শালায় এই কর্মশালা চলছে। রোববার সকালে সভাপতি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
এ সময়ে তিনি বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি উত্তরবঙ্গ তথা রাজশাহী বিভাগের আটটি জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের হারানো সংস্কৃতি পুণরুদ্ধার, লালন, চর্চা এবং সংরক্ষণ বিষয়ে কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে নাচ প্রশিক্ষণ শেষ হয়েছে। রোববার সংগীত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হলো। এই ধরনের কর্মশালা পর্যায়ক্রমে চলতেই থাকবে। প্রতিটি প্রশিক্ষণ সুন্দর ও সঠিকভাবে গ্রহন করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। সেইসাথে সংস্কৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই গবেষণা কর্মকর্তা।

সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান। এছাড়া খন্ডকালীন সংগীত প্রশিক্ষক অভিলাস বিশ^াস, নরেন মুর্মু ও যোগেন মুর্মু উপস্থিত ছিলেন। এছাড়াও এই কর্মশালায় খন্ডকালিন প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত থাকবেন যোগেন্দ্রনাথ সরেন, শিলা বিশ^াস, তানজিলা জিন্নাত ও শেফালী কিস্কু।