নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি কাকনহাট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহীল কাফিকে (৫০)– আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল্লাহীল কাফি কাকনহাট শেরাপাড়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে। তিনি কাকনহাট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চরম পন্থি বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে নানা ধরনের মামলা হয়। আরো অভিযোগ রয়েছে সম্প্রতি একই এলাকার আনোয়ার হোসেন এর বাড়ির জমি দখল এবং আরো অন্য লোকের পুকুরসহ অন্যান্য জমি দখল করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি মুলত ভূমিদস্যু বলে পরিচিত বলে জানান এলাকাবাসী।
আটকের বিষয়ে গোদাগাড়ী মডেল থানার পুলিশ জানায়, হামলার ঘটনার পর থেকেই কাফি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফেরার খবরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হিসেবে আব্দুল্লাহীল কাফিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।