নিজস্ব প্রতিবেদক: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাবিশ্বের মতো গতকাল যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বেসসকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে রাজশাহী তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার কাজিপাড়ায় এই দিবসটি পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাসাউস নির্বাহী পরিচালক মেরিনা হাসদা। উপস্থিত ছিলেন কাজিপাড়া গ্রামের পারগানা নরেন মুরমু, স্কুল শিক্ষক খ্রিস্টিনা মুরমু এবং মাসাউসের কর্মকর্তা মাইকেল মারান্ডি।
দিবসটি উপলক্ষে র্যালি বের করে কাজিপাড়াসহ বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে এম এল ই শিক্ষিকা মিনা সরেনের বাড়ির উঠানের নিম গাছতলায় আলোচনা সভা করা হয়। সভায় নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতি বলেন, এই ডিজিটাল যুগে এসেও নারীরা অবহেলিত ও বৈষম্যের স্বীকার হচ্ছে। বিশেষ করে আদিবাসী নারীরা মজুরীতে বৈষম্যের স্বীকার হচ্ছে। শুধু তাই নয় পারিবারিক ও সামাজিকভাবেও বৈষম্যের স্বীকার হচ্ছে। এ অবস্থা থেকে আদিবাসীসহ অন্যান্য নারীদের ক্ষমতায়িত করতে হলে প্রথমে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে হবে বলে উল্লেখ করেন তিনি।