নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের সংস্কৃতি, শিক্ষা সংরক্ষণ এবং হারানো সংস্কৃতি পুণরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে। আর এই বাস্তবায়ন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার রাজশাহী মহিষবাথাস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত শিক্ষা ও সংস্কৃতি, উন্নয়নের চাবিকাঠি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা শ্যামা এই কথাগুলো বলেন।
তিনি বলেন, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সরকার বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালরাচাল একাডেমি স্থাপন করেছে। এই একাডেমির সাথে যোগাযোগ করার জন্য উপস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। কারন নিজেদের উন্নয়ন নিজেরা না করলে কেউ উন্নয়ন করে দেবে না বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। তিনি বলেন সরকারী প্রতিষ্ঠানকে যদি আপনাদের খুঁজে খুঁজে করে আনতে হয়, তাহলে কালের বিবর্তনে আপনারা হারিয়ে যাবেন। নিজেদের এগিয়ে আসতে হবে। নিজেদেরকে তুলে ধরতে হলে মিডিয়াকে ডাকতে হবে। আর মিডিয়ার সামনে উপস্থাপন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা এমপি মন্ত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণ এভাবেই এগিয়ে গেছে। বিশ্বের সাথে তাল মিলাতে হলে আর পিছিয়ে থাকলে চলবে না। এখন ডিজিটাল যুগ। হাতের মুঠোয় সব আছে। প্রত্যন্ত গ্রামে বসে থেকেও এখন বিশ্বের খবর নেয়া যায়। এসব চিন্তা করে নিজেদের এগিয়ে নিতে ইন্টারনেটে চাকরী ও স্কলারশিপের খবর খুঁজে বের করে আবেদন করতে হবে এবং সুযোগ গ্রহন করতে বলে জানান প্রধান অতিথি। এই সকল কাজের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় এবং তিনি নিজে সহযোগিতা করবেন। সেইসাথে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন অত্র একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরী। একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু ও সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্র নাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার ও কলেস্তিনা হাঁসদা।

আরো উপস্থিত ছিলেন অত্র একাডেমির সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সঁওতাল, উরাও, পাহাড়িয়া, মাহ্লে, কডা, মাহাতো, গড়াইত, মুন্ডা ও কোল সম্প্রদায়ের শিক্ষার্থীবৃন্দ।