নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে শুরু হয়েছে এইচ.এস.সি সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন একজন। তাকে জেল ও জরিমানা করা হয়েছে। যানা যায় রাজশাহীর পবা উপজেলায় নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় আলীগঞ্জ দারুচ্ছুন্নাত মাদ্রাসার ছাত্র আবুল হায়াত এর পরিবর্তে পরীক্ষা দেয়া শুরু করেন আলীগঞ্জ মধ্যপাড়া রুস্তম আলীর ছেলে মোকবুল হোসেন।
রোববার বেলা ১২ টার দিকে টের পেয়ে ঐ প্রতারকে আটক করা হয়। সেইসাথে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোকবুল হোসেন স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন। মূল পরীক্ষার্থী আবুল হায়াত ভাল ছাত্র না হওয়ায় তার পরিবর্তে পরীক্ষা দিতে আসেন তিনি।
পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার এই বিষয়ে বলেন, সারাদেশে রোববার থেকে শুরু হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষা। পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠু নিরবিচ্ছিন্ন ও নকল মুক্ত ভাবে পরিচালনা করার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনে পরীক্ষা চলাকালীন সময়ে তিনি নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় কেন্দ্র পরিদর্শনে গেলে অভিযুক্ত ঐ ছাত্রের প্রতি দৃষ্টিগোচর ও সন্দেহ হয় বলে জানান।
পরে ঐ কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রককে সাথে নিয়ে তিনি ঐ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ ও প্রবেশ পত্র যাচাই-বাছাই করা হলে এই প্রতারণা ধরা পরে। মোকবুল হোসেন ঘটনা স্বীকার করেন।
এবিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা বলেন, “সারাদেশের ন্যায় আমাদের পবা উপজেলায় সুষ্ঠু ও নকল মুক্তভাবে পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে। এখানে কোন অনিয়মের সুযোগ নেই। সকালে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে প্রক্সি দেওয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে ও সেই পরীক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নকল মুক্ত পরীক্ষা গ্রহণে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।