বিশেষ সংবাদ দাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পরিবেশ বান্ধব ব্লক উৎপাদন শুরু করেছে রোটারী কমিউনিটি কোর-আমনুরা। মঙ্গলবার সকাল ১১টায় আমনুরা মিশন কম্পাউন্ডে এই পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক তৈরির কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা রোটারী ক্লাব অব কারওয়ান বাজার এর পাষ্ট প্রেসিডেন্ট আহমেদ ফারুক, বাংলাদেশ নর্দান ইর্ভ্যানজেলিক্যাল লুথারেন চার্চ এর জেনারেল সুপারিন্টেডেন্ট রেভা.সুবান কিস্কু, ট্রাস্টবোর্ড সেক্রেটারী হিংগু মুরমু, আরসিসি-আমনুরা’র উপদেষ্টা ও এনএজিআর সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেন ও আরসিসি-আমনুরা সম্পাদক প্রমিলা হাঁসদ।
ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লকের ব্যবহারে উৎসাহিত করতে এবং সর্বস্তরে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে এই ব্লক তৈরি উদ্বোধন করা হয়। এই কংক্রিট ব্লক তৈরির উদ্যোগ গ্রহন করে রোটারী ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার এবং আরসিসি-আমনুরা, এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন)।
বর্তমানে ইটের ভাটা পরিবেশ দূষণের কারনে অনেক ইটভাটা বন্ধ করে দিচ্ছে সরকার। সেইসাথে ইটের দামও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। তাই ইটের বিকল্প হিসেবে এই কংক্রিট ব্লকই হয়ে উঠবে বাড়ী নির্মাণের একমাত্র উপকরণ। বিশেষজ্ঞদের মতে কংক্রিট ব্লক ব্যবহারে প্রায় ৩০% নির্মাণ ব্যয় কমে। তাই প্রত্যন্ত অঞ্চল হতে সর্ব জায়গায় এই কংক্রিট ব্লক ব্যবহার ছড়িয়ে দিতে বাণিজ্যিকভাবে সফল উদ্যেগক্তা হওয়ার জন্য এই পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক এর উৎপাদন শুরু করা হয়েছে। আগামীতে এই ব্লকের ব্যবহার ও উৎপাদন পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে কর্ম-সংস্থানের সৃষ্টি হবে বলে উল্লেখ করেন উপস্থিত অতিথিবৃন্দ।