নিজস্ব প্রতিবেদক: পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের হত্যার সঙ্গে জড়িত ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার। শনিবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়। মানববন্ধনে পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের দুই ছেলে মাইনুল হোসেন লিপন মও মোহাম্মদ মাহিন হোসেন লিমন এবং ইউপি সদস্য সাবদুল ইসলমসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, হত্যার সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সঠিক রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তৎকালীন সময়ে চারঘাট থানায় মামলাটির অগ্রগতি না থাকায় রাজশাহী কোর্ট গত ৭ জুলাই ২০২২ তারিখে মামলাটি পিবিআইকে হস্তান্তরের আদেশ দেন। পিবিআই মামলাটি নেওয়ার পরে সরেজমিনে দুইবার গেলেও গত চার মাসেও হত্যার রহস্য খুজে পাননি তারা।
নিহত আব্দুল মান্নানের ছেলে মাহিন হোসেন বলেন, সন্তান হিসেবে তিনি আজ অসহায়। পিতা হারিয়ে তারা এতিম হয়ে পড়েছেন। বিধবা হয়েছেন তাদের গর্ভধারিনী মা। পিতা হত্যার পর তাদের মা এখন মৃত্যু শয্যায়। এছাড়াও খুনিদের প্রতিনিয়ত হুমকীর কারনে প্রাণ নিয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে পরেছে বলে জানান তারা। নিহতের সন্তানেরা বাবার হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ইফতারের আগে বা পরে নিজ বাড়ি সংলগ্ন ফসলি জমিতে বিষ প্রয়োগের সময় অজ্ঞাত খুনিরা পল্লী চিকিৎসক আব্দুল মান্নানকে ধারালো অস্ত্রদ্বারা গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।