নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে বৃষ্টির পানি বের হতে না পেরে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই সিএন্ডবি মোড়ে বিকেল হলেই শত শত মানুষ বসে বিশ্রাম, খোসগল্প, আড্ডা ও চা-পান করে থাকে। এছাড়াও সিএন্ডবি মোড়ের সাথেই রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব থেকে বড় মুর্যাল। এই মুর্যাল দেখতেও অনেক লোক এখানে আসেন।
সেখানকার দোকানদার ছাড়াও পথচারী আব্দুল ওদুদ, মাজেম আলী, শেফালী খাতুন, আবু তালিব ও সবুরসহ আরো অনেকে বলেন, রাজশাহী মহানগরকে ঢেলে সাজাতে বর্তমান মেয়র বড় বড় রাস্তা ও ড্রেন নির্মান করছেন। আর এই ড্রেনগুলির উপরে একশ্রেণির ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে এবং ময়লা ফেলে ড্রেনের মুখ বন্ধ করে দিচ্ছে। ফলে যে সমস্যা সেটা রয়েই যাচ্ছে।
তারা আরো বলেন, সিএন্ডবি মোড়ের পানি বের হওয়ার জন্য রয়েছে ড্রেন। কিন্তু এই ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছে যাত্রী ছাউনীর পাশের দোকানদারগণ। ফলে সেখান দিয়ে পানি বের হতে না পেরে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখন এখানে কোনভাবেই বসে থাকা যাচ্ছেনা। সেইসাথে এখানে মশার বিস্তার লাভ করছে বলে জানান তারা। তারা সকলেই দ্রুত এই মোড় থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।